দুর্বল মানববন্ধন দিয়ে উগ্রবাদীদের ঠেকানো যাবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক উগ্রবাদীরা অর্থ, অস্ত্র এবং সাংগঠনিক দিক দিয়ে ভয়ংকর অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদের রুখতে হলে খণ্ড খণ্ড দুর্বল ও নিরীহ মানববন্ধন করে লাভ হবে না। উগ্রবাদীদের অবস্থানে ফাটল ধরাতে হলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রবল গণজাগরণ সৃষ্টি করতে হবে।
গতকাল শনিবার মহাখালী বাস টার্মিনালে ঢাকা-সিলেট পথে একটি কোম্পানির বিলাসবহুল বাসের যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা এনা পরিবহনের ছয়টি শীতাতপনিয়ন্ত্রিত বাসের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, পরিবহন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা বর্তমানের চেয়ে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। এর জন্য পরিবহন মালিক-শ্রমিকসহ সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।