দুর্বল শীত, মন্দা ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত প্রবল হচ্ছে না বলে সবল হচ্ছে না ব্যবসায়ীদের কারবার। ছবিটি পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে শনিবার তোলা l প্রথম আলো
শীত প্রবল হচ্ছে না বলে সবল হচ্ছে না ব্যবসায়ীদের কারবার। ছবিটি পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে শনিবার তোলা l প্রথম আলো

শীত যেন খানিকটা দ্বিধাগ্রস্ত। থমকে আছে। প্রবল হয়ে উঠতে গিয়েও উঠছে না। লোকে খুব একটা আমলই দিচ্ছে না তাকে। বিশেষত দিনের বেলায়। গরম কাপড় ছাড়াই দিব্যি কাজকর্মে সময় কাটিয়ে দিচ্ছেন অনেকে। বেলা গড়লে অবশ্য নগরবাসী গায়ে গরম কাপড় চাপাচ্ছেন, তবে সেসবও তেমন ভারী কিছু নয়। স্বাভাবিক পোশাকের ওপর হালকা একটা সোয়েটার চাপিয়ে দিলেই প্রয়োজন মেটে। চাদর-মাফলার-টুপিতে কান-গলা-মাথা পেঁচিয়ে ঘর থেকে বের হওয়ার মতো হাড়কাঁপানো শীত এবার এল না ঢাকায়।
তবে শীত প্রবল না হলেও শীতকালীন উৎসবের ঘটা তাতে কমেনি। নাট্যোৎসব, সংগীত-নৃত্যের আসর, আবৃত্তির অনুষ্ঠান, চারুশিল্পের প্রদর্শনী এসবের নিয়মিত আয়োজনে কর্মমুখর হয়ে আছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। এসবের পাশাপাশি রসনা তৃপ্তির ব্যবস্থারও ঘাটতি নেই। নগরের সর্বত্র পথের পাশে বসেছে শীতের ঐতিহ্যবাহী পিঠাপুলির পসরা। বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানও পিঠা উৎসবের আয়োজন করছে। আবার কাঁচাবাজারে শীতের শাকসবজির উপস্থিতিও পর্যাপ্ত। ফলে চিত্ত ও রসনা পরিতৃপ্তির সুবন্দোবস্ত রয়েছে যথেষ্ট।
অসুবিধা কেবল শীতবস্ত্র ব্যবসায়ীদের। শীত দুর্বল বলে সবল হচ্ছে না তাদের কারবার। তাই মন ভার। সে ফুটপাতের শীতবস্ত্র বিক্রেতা থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানের খুচরা বিক্রেতা বা বিদেশ থেকে আমদানিকারক সবারই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, শীতবস্ত্রের বেচাকেনা মূলত মৌসুমি ব্যবসা। অক্টোবর থেকে পাইকারি বিক্রি শুরু হয়।
আমদানিকারকেরা মূলত চীন থেকে এবং অল্প কিছু ভারত, থাইল্যান্ড, তাইওয়ান থেকে শীতের হালফ্যাশনের কাপড় আমদানি করেন। এগুলোই চলে যায় সারা দেশের খুচরা বাজারে। নভেম্বর-ডিসেম্বরেই মূল বিক্রি। শীত
প্রবল হলে জানুয়ারি-ফেব্রুয়ারিতেও বিক্রি-বাট্টার রেশটা প্রবহমান থাকে।
এ বছর শীতই ভালো করে পড়ল না তো শীতবস্ত্রের বেচাকেনা জমবে কেমন করে! নয়াপল্টনের গাজী ভবনের মালিহা ফ্যাশনের ব্যবস্থাপক নূর ইসলাম জানালেন, এবার শীতের কাপড়ের ব্যবসায় তাদের পুরো লোকসান। তাঁরা বিদেশে থেকে আমদানি করে পাইকারি ও খুচরা উভয়ভাবেই বিক্রি করেন। তিনি জানালেন, গত ডিসেম্বরের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত শীতের প্রভাব সারা দেশেই একটু তীব্র হয়েছিল। সেই পাঁচ দিনেই মূলত এ বছর শীতের কাপড়ের বিক্রি ভালো হয়েছে। এরপর থেকে প্রতিদিন যে বেচাকেনা তা বলার মতো নয়। টাকা আটকে যাবে—এ কারণে লাভ ছেড়ে দিয়ে বিক্রি করে মজুত খালি করছেন সবাই।
বাজার ঘুরে দেখা গেল, দোকানের তাকভরা প্রচুর সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কার্ডিগান ও চাদর। সবই ঝুলছে হ্যাঙ্গারের সঙ্গে। ক্রেতা সামান্যই। ফুল হাতা সোয়েটারের দাম এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে, হাফ হাতা এক হাজারের মতো, ব্লেজার দুই থেকে সাড়ে তিন হাজার টাকা, হুডি ১৮ শ থেকে আড়াই হাজার, কার্ডিগান ১২-১৫ শ টাকা, মহিলাদের চাদর ৩-৫ শ টাকা। তবে মার্কেটভেদে দাম কম-বাড়া আছে।
ফুটপাতের কেনাবেচাতেও একই রকম ভাটার টান। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে পসরা নিয়ে বসেছেন লাকসামের মো. মিলন। তিনি জানালেন, তীব্র শীত পড়লে ডিসেম্বর-জানুয়ারিতে দৈনিক তাঁর বিক্রি হয় আট থেকে ১০ হাজার টাকা। এবার দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হওয়াই কঠিন হয়ে উঠেছে। সত্যি বটে, শীত পড়ছে না, তাই লোকে শীতের কাপড় কিনছে না।