বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) বলছে, দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। গত তিন বছরে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বেড়েছে মাত্র ১ শতাংশ। অন্যদিকে প্রজনন হার উল্লেখ করার মতো কমেনি।
বিডিএইচএস-২০১৪ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। সরকারের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট) এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার ৬৫ শতাংশ কমেছে।
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জরিপের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে পরিবার পরিকল্পনা কার্যক্রম যে গতি পেয়েছিল, তা দুর্বল হয়ে পড়েছে। গত ২০ বছরে খুব কম নারী পরিবার পরিকল্পনা বিষয়ে কিছু শুনেছে। ১৯৯৩-৯৪ সালে ৩৮ শতাংশ বিবাহিত নারীর কাছে পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা সেবা নিয়ে যেতেন। বর্তমানে সেই হার কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আগে গণমাধ্যম ও অন্য মাধ্যম থেকে ৪৭ শতাংশ নারী তথ্য পেতেন। এখন তা কমে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। এই প্রবণতা এটাই প্রমাণ করে যে কর্মসূচি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে দুর্বলতা আছে।
জরিপে তথ্য রয়েছে, মাত্র ২৫ শতাংশ সরকারি প্রতিষ্ঠান মানসম্পন্ন সেবা দিতে প্রস্তুত থাকে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে এই হার ৫ শতাংশ। এর কারণ হচ্ছে, পরিবার পরিকল্পনা সেবাদানের নির্দেশিকার অভাব এবং প্রশিক্ষিত সেবাকর্মীর ঘাটতি আছে। এ ছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৫১ শতাংশ মেডিকেল কর্মকর্তার ও ২৩ শতাংশ পরিবারকল্যাণ পরিদর্শকের পদ শূন্য আছে। এ দুটি পদ ক্লিনিক্যাল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এ ছাড়া ৯৫ শতাংশ পরিচালক ও অন্যান্য প্রশাসকের পদ শূন্য। এর অর্থ হচ্ছে, পরিবার পরিকল্পনা কর্মসূচির নজরদারিতে দুর্বলতা আছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, পরিচালকের পদ শূন্যবিষয়ক তথ্য সঠিক নয়। তিনি বলেন, মাঠকর্মীরা কমিউনিটি ক্লিনিকে কাজ করেন বলে তাঁদের কাজ দৃশ্যমান হচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার পরিমাণ আগের চেয়ে কমেছে।
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় নিপোর্ট এ জরিপ করে। মাঠপর্যায়ে উপাত্ত সংগ্রহ করেছে বেসরকারি প্রতিষ্ঠান মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস। জরিপে দেশের সব জেলার ১৭ হাজার ৩০০ পরিবার এবং ১৭ হাজার ৮৬৩ জন নারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। গত বছরের এপ্রিলে জরিপের প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মোট প্রজনন হার বা টিএফআর (নারীপ্রতি গড় সন্তানসংখ্যা) ছিল ৩ দশমিক ৩। ২০১১ সালে তা কমে দাঁড়ায় ২ দশমিক ৩। ২০১৪ সালেও দেখা যাচ্ছে টিএফআর ২ দশমিক ৩। ধারণা করা হচ্ছে, এই ধারা বেশ কিছু বছর অব্যাহত থাকবে।
অন্যদিকে ১৯৯৩-৯৪ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার (সিপিআর) ছিল ৪৫ শতাংশ। ২০১৪ সালে তা হয়েছে ৬২ শতাংশ। অর্থাৎ সিপিআর বৃদ্ধির হার বছরে ১ শতাংশ মানের কম। সরকার ২০২১ সালে সিপিআর ৭৫ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সুপারিশে বলা হয়েছে, আচরণ পরিবর্তনে যোগাযোগের ওপর গুরুত্ব দিতে হবে। শূন্য পদ পূরণের পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে হবে। জন্মনিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী বা স্থায়ী পদ্ধতি ব্যবহারে জোর দিতে হবে।
অনুষ্ঠানে বিডিএইচএসের পরিবার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ইউনিটের জ্যেষ্ঠ পরামর্শক কারার জুনায়েদ হাসান। পুষ্টি ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ে তথ্য উপস্থাপন করেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ পরিচালক যথাক্রমে শামস এল আরেফিন ও তাহমিদ আহমেদ। মাতৃস্বাস্থ্যের তথ্য উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের পুষ্টি বিভাগের পরিচালক ইশতিয়াক মান্নান। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।