খুলনা-২ আসনের সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হত্যার রাজনীতি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় খুলনার মহেশ্বরপাশা খাদ্য গুদামের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও এক নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোদাচ্ছের হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দুর্বার আন্দোলন গড়ে মোদাচ্ছের হত্যার বিচার করবে।মোদাচ্ছের হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে নগরের কেডি ঘোষ সড়কে এ সমাবেশ হয়। বিএনপির কার্যালয়ের সামনের সড়কে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জ্যেষ্ঠ নেতা নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপির সহসভাপতি শাহারুজ্জামান, এস এম মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী, নিহত শ্রমিক নেতা মোদাচ্ছেরের বড় ছেলে আরিফ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়।