দুর্বিষহ পরগাছা-জীবনের অবসান হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাত্রিগাছ ছিটমহলের বাসিন্দা। তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। ভারতের মধ্যে এই ছিটমহলে আত্মপরিচয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাত্রিগাছ ছিটমহলের বাসিন্দা। তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। ভারতের মধ্যে এই ছিটমহলে আত্মপরিচয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহল। এসব ছিটমহলে বাস করেন কয়েক হাজার মানুষ। নথিপত্রে তাঁরা বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো মৌলিক অধিকার ভোগের সুযোগ তাঁদের নেই। এসব মানুষের ভাষ্য, পরদেশের ভেতর পরগাছার মতো জীবন তাঁদের। এ পরিস্থিতির অবসান দাবি করে তাঁরা বলছেন, ভারত বা বাংলাদেশ যেকোনো দেশের নাগরিক হিসেবে পুরোপুরি সুযোগ-সুবিধা চান তাঁরা।
ছিটমহলগুলোর অবস্থা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, যে দ্বীপ ঘিরে ভারতের ভূমি। তাই ছিটমহলবাসীর চলাচলও নিয়ন্ত্রিত। বাংলাদেশের নাগরিক হিসেবে ভারতের ভূখণ্ডে প্রবেশের সুযোগ বা নিয়ম তাঁদের নেই। বেঁচে থাকার তাগিদে তাঁদের প্রায়ই নিতে হয় মিথ্যার আশ্রয়। ভারতের সুযোগ-সুবিধা নেওয়ার জন্য কেউ নাম বদলে ফেলেন, কেউবা বদলান ঠিকানা। আত্মপরিচয়হীন মানুষ হিসেবে গ্লানির জীবনটা যাপন করতে হয় তাঁদের।
আজ সোমবার ভারতের রাজ্যসভায় উঠছে ছিটমহল বিনিময়ের জন্য সংবিধান সংশোধনের বিল। এ পরিস্থিতিতে প্রথম আলোর এই প্রতিবেদক ছিটমহলবাসীর অবস্থা জানতে গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাত্রিগাছ ছিটমহলে যান। সেখানে বাস করছে বাংলাদেশের অন্তত ৫০০টি পরিবার। ছিটমহলটি দৈর্ঘ্যে তিন কিলোমিটার, প্রস্থে পৌনে তিন কিলোমিটার।

সেখানকার বাসিন্দা আজাদ হোসেন, জয়নাল মিয়া, মুহম্মদ আলী, বকুল মিয়া ও কল্পনাথ রায় জানান, ছিটমহল বিনিময়ের বিল আজ রাজ্যসভায় উঠবে বলে তাঁরা শুনেছেন। ভারতের সব রাজনৈতিক দলের কাছে তাঁরা আকুল আবেদন জানিয়েছেন, যুগের পর যুগ ধরে কাটানো মানবেতর জীবনযাপন থেকে তাঁদের উদ্ধারে তাঁরা যেন ব্যবস্থা নেন।

কেউ কেউ জানান, বাংলাদেশের নাগরিক হলেও এর কোনো প্রমাণ তাঁদের নেই। সেখানকার জীবনকে তাঁরা তুলনা করলেন ‘পরদেশে পরগাছার’ সঙ্গে। জানালেন, ভারতের ঠিকানা ব্যবহার করে ছেলেমেয়েদের তাঁরা ভারতীয় বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। এমন মিথ্যা ঠিকানা ব্যবহার করে সেখানকার হাসপাতাল থেকে চিকিত্সা নিতেও বাধ্য হন তাঁরা। দিনমজুরের কাজ করতে গেলেও সেই মিথ্যার আশ্রয়ই নিতে হয়।

আজাদ-কল্পনাথেরা এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চান। ভারত বা বাংলাদেশ—যেকোনো একটি দেশের নাগরিক হিসেবে সেই দেশের সব ধরনের অধিকার নিয়ে বাস করার সুযোগ চান তাঁরা। ছিটমহল বিনিময়ের লক্ষ্যে আনা বিলটি যেন পাস হয়, এ প্রত্যাশা তাঁদের।

বাংলাদেশ ও ভারতের সরকার ছিটমহল বিনিময়ে সম্মত হয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়ন করার জন্যই এই বিল আনা হচ্ছে। তবে ভারতের দুয়েকটি রাজনৈতিক দল এতে রাজি হচ্ছে না। ছিটমহলবাসীর পাশে দাঁড়াতে এখানকার বাসিন্দারা আকুল আবেদন জানালেন এই দলগুলোর প্রতি।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানালেন, তাঁরা ছিটমহল বিনিময়ের দাবিতে দুই দেশেই আন্দোলন করছেন। ভারতে যেমন বাংলাদেশের ৫১টি ছিটমহল আছে, তেমনি বাংলাদেশেও আছে ভারতের ১১১টি ছিটমহল। তিনি বলেন, ‘আমরা চাইছি, ছিটমহলবাসীর দীর্ঘদিনের দাবি ছিটমহল বিনিময় হোক। এতে করে ছিটমহলের বাসিন্দারা একটি নির্দিষ্ট দেশের নাগরিক হয়ে বাস করতে পারবেন। সুযোগ পাবেন সেই দেশের মৌলিক অধিকার ভোগ করার।’