দুর্বিষহ যানজটে নাকাল নগরবাসী
ঢাকায় গতকাল বুধবার সকাল থেকেই যানজটে নাকাল ছিল নগরবাসী। ফার্মগেট, শাহবাগ, সেগুনবাগিচা, তোপখানা থেকে মতিঝিল, বিজয় সরণি, মহাখালী, উত্তরাসহ নগরের বেশ কয়েকটি এলাকায় ছিল তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাজধানীর প্রায় সব এলাকাতেই ছিল তীব্র যানজট। শাহবাগের দিকে চাপটা ছিল বেশি।
গতকাল ৪ জানুয়ারি ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে সংগঠনটির নেতা-কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দেখা যায়। পুলিশের কর্মকর্তারা বলেন, শোভাযাত্রার কারণেই পুরো ঢাকা থেকে যায়।
সপ্তাহের শেষ কর্মদিবসের আগের দিনে গতকাল ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা যায় যাত্রীদের। দীর্ঘ সময় জটলায় আটকে থাকায় অনেক যাত্রীকে গাড়িতেই ঘুমিয়ে পড়তে দেখা গেছে। ঘণ্টা খানেকের পথ যেতে কারও কারও দুই থেকে আড়াই ঘণ্টাও সময় লেগেছে। একই স্থানে গাড়ি আটকে থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
বেলা দুইটার দিকে যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, করুণ অবস্থা। প্রায় সব জায়গায় যানজট। বিভিন্ন কলেজ থেকে শোভাযাত্রা বের হওয়ায় এমন অবস্থা হতে পারে। কোন এলাকায় চাপ বেশি জানতে চাইলে তারা বলে, রাজধানীর শাহবাগে চাপটা বেশি।
ট্রাফিক পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, শোভাযাত্রার কারণে যানজটে ফার্মগেট এলাকা পুরোপুরি অচল হয়ে পড়ে। ফলে ঢাকার ভেতরে গাড়ি ঢুকতে পারছে না।
রাজধানীর বাংলামোটরে আবদুল কাইয়ুম নামের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ট্রাফিক বিভাগের উচিত বড় বড় রাজনৈতিক দলের মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের আগে কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমে নগরবাসীকে জানানো। তাহলে সবাই সতর্ক হয়ে চলাফেরা করতে পারবেন। এভাবে কষ্টের কোনো মানে হয় না।
গাবতলী থেকে রওনা দিয়ে দেড় ঘণ্টায় আসাদগেট পৌঁছান রহমত আলী। যাবেন ফার্মগেট। কিন্তু আড়ংয়ের মোড়ে পৌঁছে দেখেন পুলিশ মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না। ফলে আড়ংয়ের মোড়ে নেমে ফার্মগেট পর্যন্ত হেঁটে যান তিনি।
রহমত বলেন, ‘কখন কোন রাস্তা বন্ধ করবে আগে জানায় না। বাসে বসে থাকতে থাকতে ভাবছিলাম সামনে কোনো দুর্ঘটনা ঘটছে। পরে শুনলাম রাস্তা বন্ধ করে মিছিল করতেছে তাই যানজট। কয়েকজনের উৎসব, কিন্তু ভোগান্তি সবার।’