দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নারীও মারা গেলেন
নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর চরপাড়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হাবিবুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা জানিয়েছেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে সুফিয়ার ভাইয়েরা গত শুক্রবার গভীর রাতে হাবিবুর ও তাঁর স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে ঘটনাস্থলেই হাবিবুর মারা যান। এর পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। হাবিবুরের লাশের ময়নাতদন্ত নাটোর সদর হাসপাতাল মর্গে এবং স্ত্রী সুফিয়ার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মোহরকয়া গ্রামের হাবিবুর রহমান প্রায় ১৫ বছর আগে কুজিপুকুর চরপাড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে জমি কিনে বাড়ি বানিয়ে স্ত্রী সুফিয়াকে নিয়ে বসবাস শুরু করেন। তখন থেকেই সুফিয়ার ভাই ইব্রাহিম ও আক্কাসের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে আগুনে পুড়িয়ে তাঁদের হত্যা করা হয়।