দুর্বৃত্তদের আগুনে পুড়ল সংখ্যালঘু কৃষকের ধান
দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামে গত শুক্রবার এক সংখ্যালঘু কৃষকের ২৭ বিঘা জমির ধান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকার অনেকে জানান, ওই দিন রাত ১২টার পর ওই গ্রামের খগেন্দ্রনাথ রায়ের বাড়ির উঠানের ১০টি আমন ধানের পালায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই কৃষক ২৭ বিঘা জমির আমন ধান কেটে শুকিয়ে ওই পালাগুলো দিয়েছিলেন। পালা থেকে তখনো ধান আলাদা করা হয়নি। আগুনে ওই কৃষকের সাত লাখ টাকার ধান পুড়ে গেছে।
খগেন্দ্রনাথ জানান, আগুনের বিশাল শিখার আলোতে গ্রামের মানুষের চিৎকারে তাঁর পরিবারের সদস্যরা জেগে ওঠেন। গ্রামবাসীর সহায়তায় অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর দিনাজপুর শহর থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই তাঁর ধান পুড়ে যায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিফজুর রহমান মুন্সী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। এর পরও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজ নিচ্ছে।