দুর্বৃত্তদের কুপিয়ে নিজের সম্ভ্রম রক্ষা
যশোরের কেশবপুর উপজেলার দোরমুঠিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ওই নারী দুর্বৃত্তদের কুপিয়ে তিনি নিজের সম্ভ্রম রক্ষা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ছয়-সাতজনের একদল একটি বাড়িতে প্রবেশ করে। এ সময় ওই নারীর স্বামী উঠানে ঘুমাচ্ছিলেন। সন্ত্রাসীরা তাঁর বুকে দা ধরে জিমিঞ্চ করে তাঁর স্ত্রীকে ঘরের বারান্দা থেকে মুখ চেপে নামানোর চেষ্টা করে।ওই নারী জানান, খাট থেকে নামানোর সঙ্গে সঙ্গে তিনি খাটের নিচে থাকা দা দিয়ে তাঁকে উপর্যুপরি কোপ দেন ও চিৎকার দিতে থাকেন। সঙ্গে থাকা সন্ত্রাসীরা কোপের ভয়ে পালিয়ে যায়। এ সময় এলাকার লোকজন চলে এলে তারা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই নারী বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল আমাকে ধর্ষণ করা, কারণ আমার কানে সোনার দুল ছিল। কিন্ত তারা কিছুই নেয়নি।’ কেশবপুর থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, তিনি সকালে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে।