দুর্বৃত্তদের কুড়াল কেড়ে নিল পাঁচ হাজার গাছের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারি রাস্তার পাশের গাছ অবাধে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গোটা জানুয়ারি মাসে সড়কের পাশ থেকে প্রায় পাঁচ হাজার গাছ কেটে নিয়ে গেছে। দিনে ও রাতে এসব গাছ কেটে নিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অপতত্পরতা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পাঁচবিবি-কামদিয়া, পাঁচবিবি-বারোকান্দি, পাঁচবিবি-শালপাড়া পাকা সড়কসহ গ্রাম্য রাস্তার পাশ থেকে ইউক্যালিপটাস, আকাশমণি, শিশু, রেইনট্রিগাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। গ্রাম্য সরকারি বিভিন্ন দামি গাছ প্রতিদিন কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। দিনের বেলায় গাছ কাটা কম হলেও রাতের বেলায় চলে গাছ কাটার উত্সব। গত এক মাসে এসব রাস্তা ও সড়কের পাশ থেকে দুর্বৃত্তরা প্রায় পাঁচ হাজার গাছ কেটে নিয়ে গেছে। এসব গাছ ভ্যান, ট্রাক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে রাতে অবাধে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় ও আসবাব তৈরির দোকানে। কোনো কোনো ক্ষেত্রে দুর্বৃত্তরা এসব গাছ জেলার বাইরে বিভিন্ন স্থানে করাতকলে নিয়ে বিক্রি করছে। সরেজমিনে দেখা গেছে, অবাধে কেটে নিয়ে যাওয়ায় সড়ক ও রাস্তার পাশ এখন গাছশূন্য হয়ে পড়েছে। দিনমজুর শ্রেণীর মানুষেরা সড়কের পাশে গর্ত করে গাছের গোড়া তুলে নিয়ে যাচ্ছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের মদদে সন্ত্রাসীরা রাতের আঁধারে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে। এলাকার মানুষ জানলেও ভয়ে এসব সন্ত্রাসীর নাম বলতে চায় না। সাধারণ মানুষ গোপনে এসব সন্ত্রাসীর নামে থানা, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক ও জনপথ কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আ. সাত্তার বলেন, ‘রাতে অবাধে গাছ কেটে নিয়ে গেলে আমাদের করার কিছু নেই।’ পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমানচন্দ্র কর্মকার জানান, রাস্তা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তাঁদের কাছে কোনো অভিযোগ করেনি। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া গাছ কাটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম জানান, রাস্তার পাশের সরকারি গাছ কাটা বন্ধ করার জন্য রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।