দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের কর্মী নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের মীরপাড়া মসজিদের পাশে শুক্রবার রাতে যুবলীগের কর্মী শাহীন হোসেনকে (৩০) অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর যুবলীগের কর্মী বকুল হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, নিহত শাহীন হোসেন মীরপাড়া মহল্লার মোহাম্মদ ফনীর ছেলে। আর বকুল হোসেন একই মহল্লার রুহুল আমিনের ছেলে। শুক্রবার রাত নয়টার দিকে তাঁরা মীরপাড়া মসজিদের পাশের আমবাগানে বসে ছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাঁদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তাঁদের কুপিয়ে তারা চলে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত ব্যক্তিদের তাৎক্ষণিক নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক শাহীন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বকুল হোসেনকে রাতেই নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নিহত শাহীন হোসেন ও আহত বকুল হোসেন উভয়ই যুবলীগের কর্মী। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, শাহীন ও বকুলের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে। তাঁদের কে কেন খুন করল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি। লাশ দাফনের পর মামলা দায়ের করবে বলে নিহতের পরিবার জানিয়েছে।