সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকেরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘কর্মরত সাংবাদিক সমাজ, চট্টগ্রাম’-এর ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।প্রশাসনকে সময় বেঁধে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিও সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। এই দুই দাবি পূরণ না হলে ১০ এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করবেন কর্মরত সাংবাদিকেরা। গত রোববার দায়িত্ব পালনকালে চট্টগ্রামের কাজীর দেউড়ী মোড়ে হামলার শিকার হন আমাদের সময়-এর এস এম তামান্না, প্রথম আলোর সাংবাদিক সৌরভ দাশ ও বণিক বার্তার গোলাম আলী মর্তুজা। এর আগে গত শুক্রবার নগরের ওয়াসার মোড়ে পাঁচ সাংবাদিকসহ ছয়জনকে পিটুনি দেওয়া হয়।সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হাসান ফেরদৌস। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং রাজনৈতিক দলগুলোকে তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ১০ এপ্রিল প্রতিবাদ সমাবেশ করা হবে। ওই সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, সাম্প্রতিক সময়ে হামলাকারীরা নারী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। অর্থাৎ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। কিন্তু সরকার হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিইউজের সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।