দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে একজন সাংবাদিককে মারধর ও অপহরণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক সমাজ। গতকাল রোববার তারা এসব কর্মসূচি পালনের পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছে।
সকাল ১০টায় সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় বক্তব্য দেন সাংবাদিক সমাজের আহ্বায়ক আলী আশরাফ, সদস্যসচিব শরিফুজ্জামান বুলু, মাছরাঙা টিভির প্রতিনিধি রফিক সরকার, সময় টিভির মানিক সরকার প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পুলিশ সুপারের অনুপস্থিতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় পত্রিকা রংপুর চিত্র-এ গত ৩১ ডিসেম্বর ‘নেই বিএসটিআইর অনুমোদন, ভুয়া ড্রিংকিং ওয়াটার বাজারজাত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ খবরের প্রতিবাদে একদল দুর্বৃত্ত ওই দিনই বিকেলে শহরের সেনপাড়ায় অবস্থিত পত্রিকাটির কার্যালয় থেকে প্রতিবেদক এস এম পিয়ালকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তাঁকে ব্যাপক মারধরও করা হয়। পরে সাংবাদিকদের হস্তক্ষেপে ও পুলিশের সহযোগিতায় শহরের কামাল কাছনা এলাকা থেকে পিয়াল উদ্ধার হন।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় সাংবাদিক পিয়াল মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।