দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে যশোর শিক্ষা বোর্ডে কর্মবিরতি পালন
যুবলীগের নেতার হাতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এ সময় ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বোর্ড ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। যশোর শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের ডাকে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে এ কর্মসূচির কারণে খুলনা বিভাগের দূর-দূরান্ত থেকে আসা মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। কাজ না হওয়ায় তাদের ফিরে যেতে হয়েছে।
এদিকে শিক্ষা বোর্ডের সচিব আবুদল মজিদ আজ দুপুরে যশোর কোতোয়ালি থানায় এ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
কর্মচারী সংঘের নেতারা জানান, গতকাল সোমবার যশোর সদর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মিল্টন মোল্লার নেতৃত্বে কয়েক জন যুবক শিক্ষা বোর্ডের কমন সার্ভিস বিভাগের সেকশন অফিসার আবুল কালাম আজাদকে মারধর করেন। এ সময় তাঁরা কালামকে তাঁর কার্যালয় থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে দুর্বৃত্ত ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাত্ক্ষণিক বৈঠকে বসে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
দুপুরে শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বোর্ড চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন সংঘের সহসভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক, সেকশন অফিসার আবদুল্লাহেল মুকিত, আসাদুজ্জামান, আবুল কালাম আজাদ, মোমিন উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বোর্ড কর্তৃপক্ষ ও প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বোর্ড অচল করে দেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত মাসে শিক্ষা বোর্ডের অফিসার্স কোয়ার্টারের মধ্যে রাস্তা নির্মাণের জন্য কোটেশন আহ্বান করা হয়। পাঁচ লাখ টাকার নিচে হলে কোটেশন পদ্ধতিতে ঠিকাদারি কাজ করা হয়ে থাকে। দেড় লাখ টাকা ব্যয়ে কাজের জন্য অনলাইনে ২০টি কোটেশন জমা পড়ে। এর মধ্যে থেকে আলম নামে একজন ঠিকাদার কার্যাদেশ পান।
এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের নেতা মিল্টনসহ তাঁর সহযোগীরা গতকাল বেলা ১১টার দিকে বোর্ডে গিয়ে আবুল কালামকে মারধর ও লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগের নেতা মিল্টন প্রথম আলোকে বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে মিল্টন নামের এক যুবক লাঞ্ছিত করেছে। ওই ঘটনায় কর্মবিরতি পালন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।