দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানকে মারধরের প্রতিবাদে গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানকে মারধরের প্রতিবাদে গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ওই শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় গত শুক্রবার মামলা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বড়হিত উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীলিপ কুমার জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। গতকাল শিক্ষকদের এক বৈঠকে এ ঘটনার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (রোববার) উপজেলা শিক্ষক সমিতি এ ঘটনার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
শুক্রবার সকালে পোড়াহাতা গ্রামের নিজ বাড়ি থেকে সুলতান উদ্দিন এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় সুর্যার বাজার এলাকায় তাঁর পথরোধ করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করে অচেতন অবস্থায় ফেলে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সুলতানের ছোট ভাই ঈশ্বরগঞ্জ পৌরসভার বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ বাদী হয়ে গত শুক্রবার রাতে থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান পিপিএম জানান, মামলা হওয়ার পর পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মো. বিল্লাল নামে এক যুবককে আটক করেছে।