দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়ায় কলেজ ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে মেহেদী হাসান (২৪) নামের এক কলেজছাত্রকে। মেহেদী বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি জেলার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়িয়ে ছাত্রাবাসে ফেরার পথে শহরের সেউজগাড়ী এলাকায় বগুড়া রেলস্টেশনের ওভার ব্রিজের কাছে পৌঁছালে পাঁচ দুর্বৃত্তের কবলে পড়েন মেহেদী। দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনসেট ও সাইকেল নিয়ে যায়। ঘটনার পরপরই পথচারী এক যুবক মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে মেহেদী মারা যান।এ ব্যাপারে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে না অন্য কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারীরা মোবাইল ফোনসেট ও সাইকেল নিতে চাইলে একটি আঘাত করলেই পারত। কিন্তু নিহতের শরীরে ২২টি আঘাত রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মেহেদীকে হত্যা করা হয়ে থাকতে পারে।