দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লন্ডনে বাংলাদেশি ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের পপলার এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে আজমল আলম (১৬) নামের একজন বাংলাদেশি ছাত্র। সে ল্যাঙডং পার্ক স্কুলের ছাত্র ছিল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সোমবার মুখোশধারী কয়েক কিশোর দুর্বৃত্তের হামলা থেকে এক বন্ধুকে বাঁচানোর সময় হামলার শিকার হয় আজমল আলম। হামলার সময় দুর্বৃত্তরা তার পায়ে দুই দফা ছুরিকাঘাত করে। আগামী সপ্তাহে তার জিসিএসই পরীক্ষার ফল বের হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে আজমল তার বাসার সামনে এক বন্ধুর সঙ্গে গল্প করছিল। তখন মুখোশধারী ছয় তরুণ বন্ধুটির ওপর হামলা করলে সে তাদের বাধা দেয়। তারা তার বন্ধুর মুখে ছুরিকাঘাত করে। হামলার সময় আজমলের মা বাসা থেকে বেরিয়ে আসেন। একই সময় স্থানীয় লোকজনও আজমল ও তার বন্ধুকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। খবর পেয়ে চিকিৎসকেরা ঘটনাস্থলে আসেন। তবে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর আজমল মারা যান। ডেইলি মেইল।