দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেল স্কুলছাত্রীর শরীর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলছে গেছে এক স্কুলছাত্রীর শরীর। গুরুতর অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির নাম এ্যাপি আক্তার। সে উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। এসিডদগ্ধ এ্যাপির বাবা লাল্টু মণ্ডল জানান, অভাব-অনটনের কারণে লেখাপড়া বন্ধ করে মেয়েকে ছয় মাস আগে ভগবাননগর গ্রামের এরশাদ আলীর সঙ্গে বিয়ে দেন। এরশাদ আলীর আরেকটি বিয়ে থাকায় বেশি দিন স্বামীর ঘর করতে পারেনি এ্যাপি। বিয়ের তিন মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর এ্যাপি বাবার বাড়িতে ফিরে আবার পড়ালেখা শুরু করে। লাল্টু মণ্ডল অভিযোগ করেন, বিয়ের পর স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের যে অবনতি ঘটে, তারই জের ধরে এ্যাপির সাবেক স্বামী, সতিন ও তাদের লোকজন মেয়েটির গায়ে এসিড মেরেছে। এ্যাপির মা লতিফা খাতুন জানান, তাঁদের ঘরে পাশাপাশি দুটি চৌকি আছে। রোববার রাতে মেয়ের পাশের চৌকিতে তিনি ঘুমান। রাত সাড়ে নয়টার দিকে এ্যাপি হঠাৎ চিৎকার করে ওঠে। ঘুম থেকে উঠে দেখা যায়, মেয়ের শরীর এসিডে ঝলসে গেছে। এ্যাপিকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক জানান, এ্যাপিকে এসিড মারা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে তার মুখের একপাশ ও পিঠের বেশির ভাগ অংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হতে পারে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো (গতরাত সাড়ে আটটা) কোনো মামলা হয়নি। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এ্যাপিকে সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে।