দুর্বৃত্তদের দেওয়া আগুন ও হামলার শিকার পরিবারগুলো আশ্রয়হীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আলাদীনগর ও টঙ্গীরপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার মানুষগুলো ভয়ানক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন। আশ্রয়হীন হয়ে পড়েছেন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার শীলপাড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া ছয়টি বাড়ির মানুষ। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার বিকেলে এসব ঘটনা ঘটে।গতকাল শুক্রবার সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে খাবার নেই, গোসল করে পরনের কাপড়টি যে বদলাবেন সেটিও নেই। আলাদীনগর গ্রামের ঠাকুর বাড়ি, মালি বাড়ি, শীল বাড়ি, বণিক বাড়ি, কুরি বাড়ি, শান্তি বাবুর বাড়ি, বাইন্না বাড়ি ও নাপিত বাড়ি এবং টুঙ্গীরপাড়া গ্রামের গঙ্গা প্রসাদ ভূঁইয়া বাড়িতে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন দেখা যায়। এসব বাড়ির প্রায় ৫০টি বসতঘর ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন বাড়িগুলোর বাসিন্দারা। যার মধ্যে ২৫টি ঘরে অগ্নিসংযোগ করা হয়। একই গ্রামের মালি বাড়ির সুনীল চন্দ্র দাস অভিযোগ করেন, সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চলে তাঁদের বাড়িতে। বাড়ির ১৫টি পরিবারের ১৩টি বসতঘরে লুটপাট শেষে আগুন দেয় হামলাকারীরা। আগুনে পুড়ে ছাই হয়েছে প্রতিটি পরিবারের দুপুরে রান্না করা ভাত-তরকারি, ঘরের কাপড়-চোপড়সহ সবকিছু। পরনের কাপড়টি ছাড়া বাড়ির কারও কিছুই নেই। আগুন দেওয়া হয়েছে তাঁদের বাড়ির সামনের মন্দিরেও। বণিক বাড়ির শান্তি রঞ্জন বণিক বলেন, বিকেল চারটার দিকে ৫০-৬০ জনের একদল লোক, যাদের বেশির ভাগেরই বয়স ১৭-২০ বছর হবে; অতর্কিতে এসে প্রথমেই বাড়ির সামনের হরি সেবাশ্রম মন্দিরে হামলা-ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর পাশের একটি বসতঘরে আগুন দেয়। পরে বাড়ির ভেতরে গিয়ে আরও একটি ঘরে আগুন দেয় এবং ছয়-সাতটি ঘর ভাঙচুর ও লুটপাট করে। কুরি বাড়ির রূপচাঁদ চন্দ্র বলেন, বিকেল পাঁচটার দিকে ২৫-৩০ জনের একদল লোক এসে প্রথমেই তাঁর ঘরের বেড়ায় কোপাতে থাকে। তিনি ভয়ে দরজা বন্ধ করে ভেতরেই ছিলেন। হঠাৎ দেখেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগুনে তাঁর ঘর ছাড়াও আরও দুটি ঘর পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় প্রতিটি ঘরে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহছানুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত প্রতিটি মন্দিরের জন্য এক লাখ এবং প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রামের বাঁশখালী থেকে ফিরে নিজস্ব প্রতিবেদক জানান, পৌরসভার শীলপাড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া ছয়টি বাড়ির মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার শীলপাড়ার ছয়টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি দয়াল হরি নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে এলাকা ত্যাগ করে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দয়াল হরি। রাতে ফেরেন লাশ হয়ে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছয়টি বাড়ির সবকিছু পুড়ে নিঃশেষ হয়ে গেছে। এ ছাড়াও পুড়ে গেছে লোকনাথ মন্দির, দুটি গোয়ালঘর, ২১ দিন বয়সী একটি বাছুর, ঘরের হাঁস-মুরগি, বইপত্র, আসবাব, নগদ টাকা, স্বর্ণালংকার এবং মাটির পাত্রে থাকা চাল। শীলপাড়ার একেবারে পশ্চিম সীমানায় পাশাপাশি চারটি বাড়িতে বসবাস করেন চার ভাই পুলিন শীল, সুনীল শীল, দুলাল শীল ও আশীষ শীল। তাঁদের পাশে দুটি বাড়িতে বাস করেন স্বপন শীল ও সম্ভু শীল। পুলিন শীলের স্ত্রী নিপু সুশীল প্রথম আলোকে বলেন, ‘সূর্য তখন ডুবু ডুবু, বাড়ির উত্তর পাশের বিলে লোকজন বিকেল থেকে জড়ো হচ্ছিল। অবস্থা দেখে আমরা সবাই ভয়ে ঘরে জড়সড় হয়ে বসে আছি। এ সময় শীলপাড়ার পশ্চিম দিকের আশকরিয়াপাড়া ও পূর্ব পাশের দুয়ারিয়াপাড়া থেকে আরও লোক এসে তাদের সঙ্গে যোগ দেয় এবং হামলা চালায়।’নিপু সুশীল বলেন, ‘বাড়িগুলো পুরোপুরি পুড়ে যাওয়া পর্যন্ত হামলাকারীরা প্রায় দুই ঘন্টা অপেক্ষা করে। এ সময় প্রশাসন বা রাজনৈতিক দলের কেউ আমাদের উদ্ধার করতে আসেনি।’ সুনীলদের বাড়িতে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পাশের স্বপন ও সম্ভুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কুপিয়ে মারে দয়াল হরিকে। রাতে সবকিছু হারিয়ে গতকাল বিকেল পর্যন্ত এ ছয় পরিবারে কোনো রান্না হয়নি। পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।