দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ১৫টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ি বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ পরস্পরকে দায়ী করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি বাজারে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। আগুনে বাজারের ১৫টি দোকান পুড়ে যায়। বিজিবির নাড়াইছড়ি ক্যাম্পের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। নাড়াইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ না থাকায় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা জানান, শনিবার দুপুরে কে বা কারা নাড়াইছড়ি বাজারে আগুন ধরিয়ে দেয়।
জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ করে বলেন, ‘নাড়াইছড়ি বাজারের ব্যবসায়ীরা ইউপিডিএফের বিভিন্ন নিপীড়ন, নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের লোকজন নাড়াইছড়ি বাজারে আগুন ধরিয়ে দেয়। ইউপিডিএফের লোকজন উল্টাছড়ি এলাকা থেকে আমাদের সমর্থক প্রিয়কান্তি চাকমাকে অপহরণ করেছে।’
অন্যদিকে ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা অভিযোগ করে বলেন, ‘এক সপ্তাহ ধরে জেএসএস (সন্তু) পক্ষের লোকজন বাজারের দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের চাপ দিয়ে আসছিল। ব্যবসায়ীরা এ নির্দেশনা না মানায় শনিবার জেএসএসের (সন্তু) লোকজন এসে বাজারে আগুন ধরিয়ে দেয়। আমাদের সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আর আমাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগও মিথ্যা। তারা নিজেরা অপহরণ করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাজারে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে।