দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে তিনটি ঘর
ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল ভোর পাঁচটার দিকে সোনাগাজী উপজেলার পশ্চিম মঙ্গলকান্দি গ্রামের ফকির মিস্ত্রি বাড়ির সৌদিপ্রবাসী আবদুল হক ও তাঁর ভাই সিরাজুল হক এবং মিন্টু মিয়ার তিনটি কাঁচাঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
আবদুল হকের ছেলে মো. মাসুদ জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ওই সময় এলাকার নির্বাচনবিরোধী কয়েকজন সন্ত্রাসী তাঁকে নির্বাচনী কাজ থেকে বিরত থাকতে চাপ দেয়। নির্বাচনের দিন তিনি স্থানীয় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত ও সহযোগিতা করেন। এ কারণে সন্ত্রাসীরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।