দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের আহত কর্মীর মৃত্যু:
বগুড়ার শেরপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের আহত কর্মী জনি আকন্দ (২৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা গেছেন।
জনি বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়ার জয়নাল আবেদীন আকন্দের একমাত্র ছেলে এবং বগুড়ার আজিজুল হক কলেজের বিকম শেষ বর্ষের ছাত্র ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জনির ওপর হামলার ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, তার অনুসন্ধান করা হচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানান, ৩ মে রাত আটটায় মুঠোফোনে ডেকে শহরের টাউন কলোনির একটি ছাত্রাবাস থেকে দুর্বৃত্তরা জনিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় নেয়। সেখানেই দুর্বৃত্তরা জনির ওপর হামলা চালিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় পথচারীরা জনিকে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বলেন, জনি আকন্দ উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সংগঠক ছিলেন। স্থানীয়ভাবে ছাত্রলীগের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।