দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত
রাজধানীর শাহ আলী থানার গড়ান চটবাড়ী এলাকায় আজ শুক্রবার দুর্বৃত্তরা একটি দৈনিকের সাংবাদিক বেলাল হোসেনকে পিটিয়ে আহত করেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে বেলাল হোসেন জানান, বেলা ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে গড়ান চটবাড়ীতে তাঁর বাসায় ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তাঁকে কিল, ঘুষি ও লাথিসহ মারধর করে। এ সময় তাঁর স্ত্রী বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাঁকেও মারধর করে চলে যায়। এর কিছুক্ষণ পর বেলাল থানায় মামলা করতে যাওয়ার পথে আবারও দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। এ সময় তিনি পালিয়ে নিরাপদ আশ্রয়ে যান। এ ব্যাপারে শাহ আলী থানায় মামলা করতে গেলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর মামলা গ্রহণ করেনি থানা।
বেলাল অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
এ ব্যাপারে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, মসজিদের তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি মামলা নেওয়ার পর্যায়ে হলে নেওয়া হবে।