মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলার আশঙ্কায় আদিবাসী খাসিয়ারা রাত জেগে তাদের পল্লি পাহারা দিচ্ছে। কয়েক দিন আগে দুর্বৃত্তরা পল্লির কবরস্থান ভাঙচুর এবং জুমের ফসল নষ্ট করায় তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদিবাসীরা জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর এলাকায় প্রায় ৫০টি খাসিয়া পরিবার বাস করছে। পল্লিসংলগ্ন একটি জমির মালিকানা নিয়ে পাশের শ্রীপুর গ্রামের মতিন খাঁর সঙ্গে আদিবাসীদের বিরোধ চলছে। এর জের ধরে ১৭ মে ভোররাতে এক দল দুর্বৃত্ত পল্লির কবরস্থানে ভাঙচুর চালায়। এ ছাড়া ১৯, ২০ ও ২১ মে রাতে দুর্বৃত্তরা খাসিয়াদের জুমে ঢুকে পানের বরজ নষ্ট করে।পল্লির বাসিন্দাদের পক্ষে রিগ্যান খংলা বাদী হয়ে ভাঙচুরের ঘটনায় মতিন খাঁ, রানা খাঁ, মুন্না খাঁ, সিদ্দিক মিয়া, বাসেত মিয়া ও জয়নাল আবেদীনসহ কয়েকজনকে আসামি করে একটি এবং পানের বরজ নষ্টের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে আরও একটি মামলা করেছেন।খাসিয়াপল্লির হেডম্যান (প্রধান) জামিলধার খাসিয়া জানান, পল্লিতে ঢুকে দুর্বৃত্তরা আবারও হামলা চালতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এ কারণে লোকজন পালা করে রাত জেগে পল্লি পাহারা দিচ্ছে।অভিযুক্ত মতিন খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে মুন্না খাঁ জানান, তাঁরাই ওই জায়গার প্রকৃত মালিক। আদিবাসীরা অবৈধভাবে তাঁদের জমি দখল করে আছে। ভাঙচুর অথবা ফসল নষ্টের ঘটনায় তাঁরা জড়িত নন।মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, মামলার তদন্ত চলছে। একই সঙ্গে তিনি দুই পক্ষকে ডেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলেছেন।