দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর আহত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবদলের নেতা মো. আলী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সান্দিকোনা বাজার থেকে মো. আলী মোটরসাইকেলে করে চরখিদিরপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ওই রাতেই তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।