দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তাকর্মী নিহত, তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হাতিয়াব (বনখরিয়া) এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় গত শুক্রবার গভীর রাতে হামলা করে নিরাপত্তাকর্মী মো. ইউনুছ আলীকে (৪৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা দুটি মুঠোফোনসহ প্রায় ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হন লেবু মিয়া, আসলাম মিয়া ও ইব্রাহিম নামের তিন ব্যক্তি। লেবু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য দুজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ মালিকানাধীন ইমামী বাংলাদেশ লিমিটেডের নির্মাণাধীন কসমেটিকস কারখানা কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানায় হামলা চালিয়ে কয়েকজন শ্রমিকের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মারধর করে। কারখানার নিরাপত্তাকর্মী ইউনুছ আলী এ সময় বাধা দিলে তাঁকে বেঁধে গলায় মশারি পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের অস্ত্রের আঘাতে আহত লেবু মিয়া, ইব্রাহিম ও আসলামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। ইউনুছ আলীর লাশ উদ্ধার করে পুলিশ গতকাল শনিবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বড় ভাই ইমান আলী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নির্মাণাধীন কারখানা থেকে নেওয়ার মতো কিছু নেই। তাই এটা কোনো ডাকাতির ঘটনা নয়। সম্ভবত পূর্বশত্রুতার জের ধরেই ইউনুছকে হত্যা করা হয়েছে।