দুর্বৃত্তদের হামলায় বিএনপি সমর্থকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গতকাল মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় মো. হারুন (৪৫) নামের এক বিএনপির সমর্থকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গনিপুর এলাকার বাসিন্দা।চৌমুহনী পৌর বিএনপির দাবি, হারুনের মৃত্যুর জন্য স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ দায়ী। তবে যুবলীগ বলছে, বিএনপির অভিযোগ ভিত্তিহীন।হারুনের বড় ছেলে মানিক উদ্দিন জানান, সোমবার রাত নয়টার দিকে বাবা (হারুন) বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে শহরের মোহাম্মদীয়া হোটেলের কাছে রাস্তার পাশে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে এলাকাবাসী তাঁদের খবর দেন। পরে তাঁর মা পরানী বেগমসহ পরিবারের লোকজন এসে বাবাকে উদ্ধার করে বেগমগঞ্জ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সকালে পৌনে নয়টার দিকে বাবাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।পৌর বিএনপির সভাপতি জহিরউদ্দিন দাবি করেন, শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিনসহ তিন-চারজন আহত হন। হারুনও ওই ঘটনায় আহত হন। তিনি নিহত হারুনকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক বলে দাবি করেন। তবে মানিক বলেন, তাঁর বাবা (হারুন) বিএনপির একজন সমর্থক। তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।