দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সানোয়ার হোসেন (৩৫) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। উপজেলার তাহেরহুদা গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।সানোয়ার তাহেরহুদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও তাহেরহুদা গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে সানোয়ার তাহেরহুদা গ্রামের উত্তরপাড়ার মসজিদের পাশে বসে ছিলেন। এ সময় সাত-আটজনের একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে ও বোমা মেরে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।এ খবর ছড়িলে পড়লে রাতেই এর প্রতিবাদে হরিণাকুণ্ডু সদরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলকারীরা হামলা-কারীদের গ্রেপ্তারের দাবি জানান।গত নভেম্বরে একই গ্রামের বাসিন্দা বিএনপির কর্মী গোলজার হোসেনকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। হরিণাকুণ্ডু থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।