গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট প্রকাশের পর থেকে নদী, খাল, নিচু জমিসহ জলাশয় ভরাট করার প্রবণতা কমে এসেছে। দুর্বৃত্তরা এখন এগুলো ভরাট করার আগে নানা দিক চিন্তা করছে। তিনি বলেন, ড্যাপ এলাকার বাইরের খাল, নদী, জলাশয় যাতে ভরাট হতে না পারে, তার জন্য জলাধার সংরক্ষণ আইন প্রয়োগ করা হচ্ছে।গতকাল মঙ্গলবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান এ কথা বলেন। তিনি বলেন, গত ২১ জুন গেজেট প্রকাশের দিন থেকেই ড্যাপ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। সব শ্রেণী-পেশার মানুষকে নিয়েই এটা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া আগামী ২০১৫ থেকে ২০৩৫ সালের জন্য ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) পর্যালোচনা করা হবে বলে প্রতিমন্ত্রী জানান। প্ল্যানার্স টাওয়ারের সম্মেলনকক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এই গোলটেবিলে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ‘নন্দিত নগর, প্রমিত জীবন’-এ যেতে হলে আগে সবাইকে প্রমিত মানুষ হতে হবে। মেধাবীদেরই রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসতে হবে।আলোচনা সভার সভাপতি পরিকল্পনাবিদ সারোয়ার জাহান বলেন, ‘সুন্দর নগরায়ণের বিষয়ে আমরা বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছি। তবে ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ এবং সংসদে রিয়েল এস্টেট বিল পাস হওয়ার বিষয়টি সুষ্ঠু নগরায়ণের পক্ষে গ্রহণীয়।’ তিনি বলেন, দেশের ৫২২টি শহরের উন্নয়ন করতে হলে বেকার নগর পরিকল্পনাবিদদের কাজে লাগাতে হবে। গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন, জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হ্যানস হিনরিচ সিনেলি, বিআইপির সাধারণ সম্পাদক এ কে এম আবুল কালাম, জিটিজেট বাংলাদেশ ও হ্যাবিটেট ফর হিউম্যানিটির প্রতিনিধিরা। আলোচনা শেষে প্রতিমন্ত্রী ‘ঢাকার নগর জীবন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন।