দুর্বৃত্তরা দুই হাত ভেঙে দিল প্রিসাইডিং কর্মকর্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় আজ রোববার দুপুরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিনের দুই হাত ভেঙে দিয়েছে। তিনি সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও কর্তব্যরত পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা একটার দিকে প্রায় ২০০ লোক পাথর ও ককটেল ছুড়তে ছুড়তে সাতকানিয়ার ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের মারধর করে ব্যালট পেপার নিয়ে চলে যায়।
দুর্বৃত্তরা দা ও ইট দিয়ে আঘাত করে জামাল উদ্দিনের দুই হাত ভেঙে দেয়। আহত হন দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিমুল ইসলাম, অনীল কান্তি বড়ুয়া ও কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ অন্তত ১০ জন।
বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ভয়ভীতির মধ্য দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হলেও বেলা ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে একটি ভোটও পড়েনি।
গতকাল শনিবার রাতে সাতকানিয়ার অন্তত তিনটি কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ আসনের দুটি কেন্দ্র স্থগিত করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
রাতের এ ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, আজ সকাল নয়টার দিকে ঢেমশা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ভোট গ্রহণকারী কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র দুটি। শনিবার রাতে এই কেন্দ্রের একটি বুথে অগ্নিসংযোগ করা হয়।
এই বিদ্যালয়ের বিপরীতে ঢেমশা ইউনিয়ন কমপ্লেক্স কেন্দ্র। একই সময়ে ওই কেন্দ্রে কোনো ভোট পড়েনি। বেলা ১১টার দিকে একই কেন্দ্রের (ইউনিয়ন কমপ্লেক্স) প্রিসাইডিং কর্মকর্তা ছালেহ উদ্দিন টেলিফোনে একই কথা জানান।
সাতকানিয়া ছদাহ কেফায়াত উল্লাহ কবির আহমেদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে নির্বাচন প্রতিহতকারীরা হামলার চেষ্টা করে বলে জানান কর্তব্যরত এসআই অহিদুল ইসলাম। দুপুর ১২টার দিকে দেখা যায়, কেন্দ্রটির পেছন থেকে দুই শতাধিক দুর্বৃত্ত কাছাকাছি চলে এসেছে। এ সময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চার অস্ত্রধারী পুলিশ অস্ত্র তাক করে তাদের পিছু হটানোর চেষ্টা করে। একপর্যায়ে অহিদুল ইসলাম ফোনে আরও অধিক নিরাপত্তা চান ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসআই অহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে দুর্বৃত্তরা অস্ত্র হাতে কয়েকবার হামলার চেষ্টা চালায়। আর্মি বা অতিরিক্ত পুলিশ দেখলে তারা পালিয়ে যায়।’