দুর্বৃত্তরা ধরাছোঁয়ার বাইরে অভিভাবক-শিক্ষার্থী হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পশ্চিম বিজয়সিংহ উচ্চবিদ্যালয় ভবন দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়ার চার দিন পর পাশের প্রাথমিক বিদ্যালয়ে আবার গত শনিবার থেকে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার অথবা চিহ্নিত করতে না পারায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।

গত ১৫ এপ্রিল রাতে দুর্বৃত্তদের আগুনে বিদ্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গতকাল রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীরা পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন। বিদ্যালয়ের বারান্দায় বসে প্রধান শিক্ষক তাঁর দাপ্তরিক কাজ করছেন। কক্ষের অভাবে একই বারান্দায় একজন শিক্ষক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক ক্লাস নিচ্ছেন।

জানতে চাইলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার জানায়, তাদের ক্লাসে মোট শিক্ষার্থী ৯৫ জন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে কক্ষে তাদের ক্লাস হচ্ছে, সেটি খুবই ছোট। কাজেই গাদাগাদি করে বসতে কষ্ট হয়।

দশম শ্রেণীর শিক্ষার্থী ফখরুল ইসলাম জানায়, অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।

বিদ্যালয়ের পাশের ষাটোর্ধ্ব মুদি দোকানি বলেন, যে রাতে বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে, ওই রাতে একই গ্রামের অপর একটি বাড়িতে দুর্বৃত্তরা শুকনো খড়ের গাদায় আগুন দেয়। তার এক দিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইকবাল হোসেনের বাড়িতে লাকড়ির ঘরটি দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই সব দুর্বৃত্তকে যদি চিহ্নিত করা না যায় অথবা গ্রেপ্তার ও শাস্তি না দেওয়া যায়, তাহলে এলাকায় এ ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মিয়াজী বলেন, জেলা প্রশাসনের দেওয়া আট বান্ডিল ঢেউটিন এবং ২০ হাজার টাকা পেয়েছেন। তা ছাড়া বিদ্যালয়ের সভাপতিসহ এলাকার লোকজন সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছেন। পোড়া টেবিলের ফ্রেমগুলো পরিষ্কার করা হচ্ছে। একটি নতুন কাঁচাঘর নির্মাণের জন্য গাছ কাটা হচ্ছে। নতুন বিদ্যালয়ে ঘর নির্মাণ করা হবে। তিনি বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা কামনা করেন।