দুর্বৃত্তরা পুড়িয়ে দিল রিকশাচালকের ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল দুর্বৃত্ত গত শনিবার দিবাগত রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের রিকশাচালক মো. রেজাউল প্যাদার বসতঘর পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রিকশাচালকের পরিবার দাবি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এলাকাবাসী রেজাউলের টিনের ঘর আগুনে পুড়তে দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। অগ্নিনির্বাপক দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে যায়। ঘটনার সময় ওই ঘরে কোনো লোক ছিল না। দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম জানান, কয়েক মাস আগে ধার করে ঘর তোলেন রেজাউল। এলাকায় রিকশা চালিয়ে সংসারের খরচ ও ধারের টাকা পরিশোধ করা তাঁর পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে। বেশি আয়ের আশায় তিন মাস আগে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। তখন থেকে ঘরে তাঁর মা সুরাতজান বিবি (৬৫) ও ছোট ভাই সাইফুল (১৭) থাকা শুরু করেন। ঘটনার দুদিন আগে তাঁরা দ্বিপাশা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সুরাতজান বিবি বলেন, ‘কত কষ্ট কইরগ্যা আমার পোলায় ঘর বানাইছে। শত্তুরেরা (শত্রু) ঘরে আগুন দিয়া সব শ্যাষ কইরর‌্যা হালাইছে।’ বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।