দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেছে ছাত্রীর শরীর
জয়পুরহাটের কালাই পৌরসভায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে সাদিয়া ইসলাম নামের এক কলেজছাত্রীর শরীর। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়েছে।
কালাই পৌর শহরের কাথাইল মহল্লার আবদুস সালামের মেয়ে সাদিয়া কালাই মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।
আবদুস সালাম প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সাদিয়া ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কক্ষের জানালা দিয়ে সাদিয়ার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্ত। রাতেই সাদিয়াকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে সাদিয়া। কারা অ্যাসিড মারতে পারে—এমন প্রশ্নে কান্নায় ভেঙে পড়ে সে।
সাদিয়া জানায়, অল্পের জন্য তার মুখে অ্যাসিড লাগেনি। কিন্তু হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান অ্যাসিডে ঝলসে গেছে। বাবা আবদুস সালাম জানান, সাদিয়া গত বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়। কলেজে যাতায়াতের পথে কোনো বখাটে উত্ত্যক্ত করত কি না, এ ব্যাপারে সাদিয়া তাঁকে কখনো কিছু জানায়নি। আবার পারিবারিকভাবেও কারও সঙ্গে তাঁদের বিবাদ নেই। তাই কারা অ্যাসিড নিক্ষেপ করল—এ ব্যাপারে কোনো ধারণা করতে পারছেন না।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাদিয়াকে নিয়ে গতকাল বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন সালাম।