দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেলেন নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী গ্রামের পাটকলশ্রমিক বিলকিস খাতুনকে (৩২) অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বিলকিস তাঁর কর্মস্থল সদর উপজেলার রায়পুর এলাকার জাতীয় জুট মিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ভোর পৌনে ছয়টার দিকে পাটকলের প্রধান ফটকের কাছে পৌঁছালে ওত পেতে থাকা এক দুর্বৃত্ত বিলকিসকে লক্ষ্য করে অ্যাসিডভর্তি একটি বোতল ছুড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বিলকিসের মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী ও মিলের অন্য শ্রমিকেরা এগিয়ে আসেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিলকিসের স্বামী মুক্তার হোসেন বলেন, ‘আমরা দুজনই পাটকলে কাজ করি। প্রতিদিন দুজন একসঙ্গে কাজে যাই। গতকাল বিলকিস আগে বাড়ি থেকে বের হয়। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু তার পরও কেন এ ধরনের ঘটনা ঘটল, বিষয়টি বুঝে উঠতে পারছি না।’
অ্যাসিড নিক্ষেপকারীর মুখ চাদর ও মাফলার দিয়ে জড়ানো থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুল কুদ্দুস জানান, অ্যাসিডে বিলকিসের বাঁ চোখ, মুখমণ্ডল, দুই হাত ঝলসে গেছে এবং মুখের মধ্যে অ্যাসিড ঢুকে খাদ্যনালি আক্রান্ত হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোগীকে নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন। ঢাকা থেকে আসার পর তাঁরা মামলা দায়ের করবেন।