দুর্বৃত্তের আগুনে পুড়ল পানের বরজ ও মেহগনিবাগান
চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামে আবদুল হামিদ নামের এক কৃষকের দুই বিঘা জমিতে তৈরি করা পানের বরজ ও মেহগনিবাগান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আবদুল হামিদ জানান, গত শনিবার রাতের কোনো একসময় প্রতিপক্ষের লোকজন বরজটির চারদিকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এতে বরজের ৪০০ সারির পানগাছ এবং আট বছর বয়সী ২০০টি মেহগনিগাছ পুড়ে গেছে।
নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবি করে আবদুল হামিদ বলেন, ক্ষমতাসীন দলের একটি অংশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
গ্রামের কয়েকজন জানান, শনিবার মধ্যরাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গ্রামের নড়িতলা মাঠে ওই বরজের চারপাশে আগুন ধরিয়ে দেয়। বরজ ও বাগান গ্রামের মধ্যবর্তী মাঠে হওয়ায় বরজমালিকসহ কেউ বিষয়টি টের পাননি।
গতকাল রোববার সকালে আবদুল হামিদের শ্যালক পান তুলতে বরজে গিয়ে দেখেন, সব গাছ পুড়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, দিননাথপুরের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে
মৌখিকভাবে খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।