দুর্বৃত্তের আগুনে পুড়ল সংখ্যালঘুর পাঁচ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের বড়ুয়াপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি বসতঘর।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে। এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচনের পরে একই ইউনিয়নের
মুহুরিপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছিল সংখ্যালঘুর সাতটি বসতঘর।
আগুনে পুড়ে যাওয়া বসতঘরের মালিকেরা হলেন রনজিত বড়ুয়া, উদয়ন বড়ুয়া, অনুপ বড়ুয়া, সুবীর বড়য়া ও দীপক বড়ুয়া।
ক্ষতিগ্রস্তরা জানান, এ ঘটনায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত রনজিত বড়ুয়া বলেন, ‘সুবীর বড়ুয়ার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অথচ সুবীর তাঁর পরিবার-পরিজন নিয়ে কক্সবাজারে থাকেন এবং তাঁর রান্নাঘর অব্যবহূত পড়ে আছে। ঘটনার রাতে তাঁর ঘর তালাবদ্ধ ছিল। কে বা কারা এবং কেন ওই ঘরে আগুন দিয়ে পাশের সব ঘর পুড়ে দিল, জানি না। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতাও নাই।’
সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ডেমশা বড়ুয়াপাড়ায় আগুন লাগার খবর শোনে ফায়ার
সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না। তদন্ত করতে কিছু সময় লাগবে।