দুর্বৃত্তের আগুনে মুরগির দুই হাজার বাচ্চা পুড়ে ছাই
ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তরা রাতের আঁধারে মুরগির খামারে আগুন লাগিয়ে মুরগির দুই হাজার বাচ্চা হত্যা করেছে। গত বুধবার রাতে টিপু সুলতান নামে এক খামারির মুরগির খামারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।উপজেলার চাপালী গ্রামের বাসিন্দা টিপু সুলতান জানান, বছর দুয়েক আগে নিজের জমিতে তিনি একটি মুরগির খামার দেন। ৫ ডিসেম্বর দুই হাজার মুরগির বাচ্চা আনেন খামারে। বুধবার রাত ১১টা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। পরে বাড়ি যান। রাত দুইটা পর্যন্ত কর্মচারী সেলিম হোসেন খামার দেখাশোনা করেন। আড়াইটার দিকে সেলিম হোসেন দেখেন খামারে আগুন জ্বলছে। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। পরে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।টিপু সুুুলতান অভিযোগ করেন, কে বা কারা শত্রুতা করে এই আগুন লাগিয়েছে। এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান খামারমালিকের লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।