দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ স্বামীর হাতে স্ত্রী খুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও ফেনীর দাগনভূঁঞায় দুর্বৃত্তের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামে গতকাল বুধবার সকালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন। পুলিশ খুনের অভিযোগে স্বামী আবদুল হাফিজকে (৪৫) আটক করেছে।ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের সুরেশ চন্দ্র দাসের স্ত্রী রেনু বালা দাস (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে সুরেশের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। তারা সুরেশের ঘরের দরজা ভাঙার চেষ্টা চালায়। এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ঘরের জানালার ফাঁক দিয়ে গুলি ছোড়ে। গুলিতে সুরেশের স্ত্রী রেনু আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রেনু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যান। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের ধারণা।