দুর্বৃত্তের চাপাতির কোপে ব্লগার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের চাপাতির কোপে প্রকৌশলী সানিউর রহমান (২৭) আহত হয়েছেন। পুলিশ বলেছে, সানিউর নিজেকে ব্লগার দাবি করে জানিয়েছেন, তিনি শাহবাগের আন্দোলনের সঙ্গে যুক্ত।পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ব্লগার সানিউরের মা-বাবা পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে এবং সানিউর থাকেন নাখালপাড়ায়। গতকাল রাত ১০টায় তিনি ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে নাখালপাড়ায় যাওয়ার পথে পূরবী সিনেমা হলের সামনে দুই হামলাকারীর কবলে পড়েন। তাদের একজন চাপাতি দিয়ে তাঁর মাথায় একটি কোপ দেয়। সানিউরের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে মিরপুর ১০ নম্বরের বেসরকারি গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সহকারী কমিশনার বলেন, কারা ও কেন হামলা করেছে, তদন্ত শেষে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।তবে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ইস্টার্ন হাউজিংয়ে যাওয়ার পথে সানিউর হামলার শিকার হন। প্রকৌশলী সানিউর কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র রিমান্ডে আছেন। জানুয়ারিতে উত্তরায় হামলায় আহত হন ব্লগার আসিফ মহিউদ্দিন।