দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন তরুণী
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নলকাটা গ্রামে গত বৃহস্পতিবার রাতে লাইলী আক্তার (১৯) নামের এক তরুণীকে অ্যাসিড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠ, পা ও বাঁ চোখের পাশে কিছু অংশ ঝলসে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লাইলী উপজেলার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামের মৃত আবদুল মান্নান হাওলাদারের মেয়ে। এ ঘটনায় লাইলীর মামাতো বোন চম্পা বেগম বাদী হয়ে ওই রাতে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লাইলী ও তাঁর মামাতো বোন চম্পা বেগম পাশের বাড়ি থেকে মুঠোফোন চার্জ দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁরা যখন সাঁকো পার হচ্ছিলেন, তখন পেছন থেকে কয়েকজন মুখোশধারী লোক লাইলীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে তাঁর পিঠ এবং পা ও বাঁ চোখের পাশে কিছু অংশ ঝলসে গেছে।
রাত সাড়ে নয়টার দিকে লাইলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইখতিয়ার হাসান প্রথম আলোকে বলেন, ওই তরুণীর শরীরে অ্যাসিড জাতীয় তরল পদার্থ ছুড়ে মারা হয়েছে। এতে তাঁর শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রপ্তারে পুলিশ তৎপর রয়েছে।