দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেল ভাই-বোনের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিড হামলা
প্রতীকী ছবি

পটুয়াখালী সদরে সুমাইয়া (১৬) নামের এক মাদ্রাসাছাত্রী ও তার ছোট ভাই মোহাম্মদ আলীর (১২) শরীর দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাতেই বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সুমাইয়ার চাচাতো ভাই মো. রাসেল প্রথম আলোকে বলেন, তাঁর বোন সুমাইয়া উপজেলার আউলিয়াপুর মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্রী এবং তার ভাই মোহাম্মদ আলী একটি মাদ্রাসায় কোরআন শরিফ শিখছে। মাদ্রাসা বন্ধ। তাই সুমাইয়া বাড়িতে আসে। সুমাইয়ার মা তাসলিমা বেগম প্রবাসে থাকেন এবং বাবা রাজা মিয়া ওই দিন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুই ভাই–বোন ঘুমিয়ে ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা সুমাইয়া ও মোহাম্মদ আলীর ওপর অ্যাসিড ছুড়ে মারে। তাদের চিৎকারে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সুমাইয়ার মুখ, বুক, হাত ও পায়ের বিভিন্ন স্থান পুড়ে গেছে। সুমাইয়ার বাঁ চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে। সুমাইয়ার ছোট ভাই মোহাম্মদ আলীর দুই হাতের কিছু অংশ পুড়ে গেছে।

বাড়িতে দুই ভাই–বোন ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা সুমাইয়া ও মোহাম্মদ আলীর ওপর অ্যাসিড ছুড়ে মারে।

রাসেল বলেন, সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ১টা ২০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাসিডে দগ্ধ ভাই-বোনকে নিয়ে আসা হয়। সুমাইয়া অ্যাসিডে বেশি দগ্ধ। একজন নারী চিকিৎসক দিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁর শরীরের ৩৬ শতাংশ অ্যাসিডে পুড়ে গেছে। আর সুমাইয়ার ছোট ভাই তুলনামূলকভাবে কম দগ্ধ হয়েছে। তাঁর শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম বলেন, ‘এই এলাকায় কোনো সময়েই অ্যাসিড–সন্ত্রাসের ঘটনা ঘটেনি। দুই ভাই-বোনের ওপর অ্যাসিড ছোড়ার ঘটনাটি মর্মান্তিক। যারাই এ জঘন্য ঘটনার সঙ্গে জড়িত, আমরা এলাকাবাসী তাদের বিচার চাই।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আলামত সংগ্রহ করেছে। কী কারণে, কারা এই অ্যাসিড নিক্ষেপ করেছে; পুলিশ তা তদন্ত করে দেখছে। এ ব্যাপারে মামলা হবে।