দুর্বৃত্তের দাহ্য পদার্থে তরুণী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নলকাটা গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে লাইলী আক্তার (১৯) নামের এক তরুণীর ওপর দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠের একাংশ, পা ও বাঁ চোখের পাশে কিছুটা অংশ ঝলসে গেছে।

লাইলীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

লাইলী উপজেলার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামের মৃত আবদুল মান্নান হাওলাদারের মেয়ে।

এ ঘটনায় লাইলীর মামাতো বোন চম্পা বেগম বাদী হয়ে গতকাল রাতে সাতজন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, হাসপাতাল ও লাইলীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে লাইলী ও তাঁর মামাতো বোন চম্পা বেগম পাশের বাড়িতে মুঠোফোন চার্জ করে বাড়ি ফিরছিলেন। তাঁরা যখন সাঁকো পার হচ্ছিলেন, তখন পেছন থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি লাইলীকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে তাঁর পিঠের অনেকটা অংশ, পা ও বাঁ চোখের পাশে কিছু অংশ ঝলসে যায়। রাত সাড়ে নয়টায় দিকে লাইলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিত্সকের পরামর্শে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ইখতিয়ার হাসান প্রথম আলোকে বলেন, ‘লাইলীর শরীরে রাসায়নিক দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে। তবে তা অ্যাসিড কি না, তা পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের নেই। ওই তরুণীর মুখমণ্ডলের কিছু অংশসহ পিঠের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। উন্নত চিকিত্সার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।’

লাইলীর মামাতো বোন চম্পা বেগম অভিযোগ করে বলেন, ‘দেলোয়ার হোসেনের ছেলে মহিদুল ও আরও কয়েক জন পেছন থেকে লাইলীকে অ্যাসিড ছুড়ে মেরেছে।’

লাইলীর মা মানবরু বেগমের ভাষ্য, প্রতিবেশী দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ২৫ দিন আগে প্রতিপক্ষ দেলোয়ার তাঁর তিন ছেলেকে সঙ্গে নিয়ে মানবরুকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে তাঁর বসতঘর দখল করে নেন। এ ঘটনার পর মেয়েকে নিয়ে তিনি একই বাড়িতে ভাই ছন্দু হাওলাদারের ঘরে আশ্রয় নেন। তাঁর ভাষ্য, মুখোশ পরে থাকায় হামলাকারীদের কাউকে চেনা যায়নি।

উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘লাইলীর মা মানবরুর সঙ্গে তাঁর প্রতিবেশী দেলোয়ারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আমি কয়েকবার সালিস করেছি।’

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় পুলিশ গতকাল রাতেই অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।