দুর্বৃত্তের হামলায় আহত তরুণীর মামলা
লক্ষ্মীপুর শহরের শাঁখারিপাড়া এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তরুণী আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় উপস্থিত হয়ে আহত তরুণী ফারহানা আক্তার এ মামলা করেন।
মামলায় সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা না হলে হামলার ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ও জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। থানায় মামলা করার সময় ফারহানার সঙ্গে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম উপস্থিত ছিলেন।
আহত ফারহানা সেভ দ্য চিলড্রেনের মা-মণি প্রকল্পের কর্মী হিসেবে লক্ষ্মীপুরে কর্মরত। তাঁর বাসা শহরের শাঁখারিপাড়ার ছোটপুল এলাকায়। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনায়।
গত শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার শাঁখারিপাড়ায় ফারহানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এক দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, লক্ষ্মীপুরে কাজ করার সুবাদে চিকিৎসক আশফাকুর রহমানের সঙ্গে ফারহানার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে আশফাকুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া নিয়ে আশফাকুর রহমানের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়। শুক্রবারের হামলার ঘটনায় তিনি জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আশফাকুর রহমান বলেন, ‘মামলায় আমার বিরুদ্ধে যা উল্লেখ করা হয়েছে তা ভিত্তিহীন। বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা। তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।’
এদিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সদর হাসপাতালে চিকিৎসাধীন ফারহানাকে দেখতে গিয়েছেন। আহত তরুণীর নিরাপত্তা ও চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম বলেন, ফারহানা আক্তারের বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। থানায় মামলা করার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। ফারহানা যাতে সুবিচার পান সে ব্যাপারে তাঁরা কাজ করছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল৵াহ আল মামুন ভূঁইয়া বলেন, তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।