দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতা নিহত, বিক্ষোভ
মৌলভীবাজার পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম মিলাদ (৩২) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। গত বুধবার রাতে তাঁর ওপর হামলা চালানো হয়।
আরিফুল মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের সমর্থিত ছাত্রদলের নেতা ছিলেন।
এদিকে আরিফুলের লাশ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। পুলিশ, ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকা থেকে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত আরিফুলকে অপহরণ করে। আরিফুলকে অপহরণে বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আবদুস সালাম নামের এক ছাত্রদলের কর্মী আহত হন। এখান থেকে বর্ষিজুরা ইকোপার্ক এলাকায় নিয়ে আরিফুলের ওপর নির্যাতন চালানো হয়। রাত দেড়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা-সিলেট মহাসড়কের যুগীডর পৌর বাস টার্মিনাল এলাকায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গতকাল সকাল সাতটার দিকে আরিফুল মারা যান। গতকাল মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত হয়েছে।
আহত আবদুস সালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফুলের লাশ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করেন।