দুর্বৃত্তের হামলায় দুই বনরক্ষী আহত
মৌলভীবাজারে বর্ষিজুরা ইকোপার্কের গাছ চুরিতে বাধা দেওয়ায় গতকাল মঙ্গলবার দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুই বনরক্ষীকে আহত করেছে। আহত বনরক্ষী গিয়াস উদ্দিন ও আহসান হাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বর্ষিজুরা ইকোপার্কের গাছ কেটে নিতে চাইলে বনরক্ষীরা বাধা দেন। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর বনরক্ষীরা কার্যালয়ের দিকে ফিরছিলেন। বর্ষিজুড়া ইকোপার্কের করালি টিলা এলাকার জঙ্গলের মধ্যে ১০ থেকে ১৫ জনের একটি দল বনরক্ষীদের ওপর হামলা করে। এতে ওই দুজন আহত হন। বন বিভাগের লোকজন তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. ইমাম উদ্দিন দুই বনরক্ষী আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।