দুর্ব্যবহার করায়...
দিনাজপুরের ফুলবাড়ী শহরের এক ব্যবসায়ীর সঙ্গে দুর্ব্যবহার করায় থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হরিদাস মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অসদাচরণ করায় অভিযুক্ত ওই কর্মকর্তাকে গত মঙ্গলবার রাতেই প্রত্যাহার করা হয়েছে। তাঁর আচরণ নিয়ে লোকজনের অভিযোগ ছিল।’জানা গেছে, গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শহরের ব্যবসায়ী জেলার সর্বোচ্চ আয়করদাতা মো. আতাউর রহমানের সঙ্গে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান দুর্ব্যবহার করেন। ব্যবসায়ী আতাউর রহমান মোটরসাইকেলে চড়ে থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। এসআই মাহমুদুল হাসান তখন মোটরসাইকেল নিয়ে থানা থেকে বের হচ্ছিলেন। এ সময় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পান তাঁরা। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের ওই কর্মকর্তা ব্যবসায়ীর মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশের দুর্ব্যবহার দেখে পথচারী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করে এবং ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে। এসআই মাহমুদুল হাসান বলেন, ‘রাগের মাথায় ঘটনাটি ঘটেছে। আমি ওনার পরিচয় জানতাম না। পরিচয় জানলে এ ধরনের ব্যবহার করতাম না। ছয় মাস হলো এখানে যোগ দিয়েছি, তাই ভুলভ্রান্তি হতে পারে।’