দুর্ব্যবহারের অভিযোগে দুই কর্মকর্তাকে পেটালেন শ্রমিকেরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের দুই কর্মকর্তাকে গতকাল বুধবার পিটিয়েছেন শ্রমিকেরা। এরপর শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতনের দাবিতে কথা বলতে গেলে ওই দুই কর্মকর্তা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের ভাষ্যমতে, বকেয়া বেতনের জন্য গতকাল দুপুরে কয়েকজন শ্রমিক কারখানার পরিচালক কামরুল ইসলাম ও উৎপাদন ব্যবস্থাপক আনোয়ার হোসেনের কক্ষে যান। এ সময় ওই দুই কর্মকর্তা উত্তেজিত হয়ে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে শ্রমিকেরা একত্র হয়ে কামরুল ও আনোয়ারকে পিটিয়ে আহত করেন এবং কারখানার ভেতরে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।শ্রমিক সফিউল্লাহ ও শাহানা আক্তার বলেন, ওই দুই কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় এ ধরনের ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, বেতন নিয়ে ভুল-বোঝাবুঝির একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। ঘটনার পর কারখানা বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়েছে।