নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুর্ব্যবহারের পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষক-কর্মকর্তাদের বিরোধ
সমাবর্তন অনুষ্ঠানস্থলে বসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি অবস্থানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এ বিষয়ে দুই পক্ষই উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার থেকে শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞান অনুষদের ডিন মো. আবুল হোসেনকে আহ্বায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষক সমিতি সূত্র জানায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের অনুষ্ঠানস্থলে শিক্ষকদের বসার নির্দিষ্ট আসনে কর্মকর্তাদের অনেকে বসে যান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষকেরা কর্মকর্তাদের শিক্ষকদের নির্ধারিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু কর্মকর্তারা আসন না ছেড়ে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪-১৫ শিক্ষক আসন না পেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। এ নিয়ে সোমবার সন্ধ্যায় শিক্ষক সমিতি জরুরি বৈঠকে বসে। এরপর দুর্ব্যবহারকারী কর্মকর্তাদের কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে শিক্ষকেরা উপাচার্যের বাসভবনে যান। কিন্তু উপাচার্য শিক্ষকদের সাক্ষাৎ দেননি। পরে শিক্ষকেরা বাসভবনে লিখিত অভিযোগ রেখে আসেন।
সূত্র জানায়, ওই অভিযোগে শিক্ষকেরা অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল সকাল পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু উপাচার্য এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় গতকাল থেকে শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। যার পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা গতকাল কোনো প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশ নেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সদস্যরাও গতকাল সকালে জরুরি বৈঠক করেন। বৈঠকে কর্মকর্তারা সমাবর্তন অনুষ্ঠানস্থলে বসা নিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন শিক্ষকদের বিরুদ্ধে। এরপর কর্মকর্তারা তাঁদের লিখিত অভিযোগ উপাচার্যকে দেন।
কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের দাবি লিখিতভাবে উপাচার্যের কাছে দিয়েছি। তিনি কী ব্যবস্থা নেন দেখা যাক। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
শিক্ষক সমিতির সভাপতি প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আমরা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সমিতির বৈঠকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত হয়েছে।’
উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানস্থলে বসা নিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সামান্য সমস্যা হয়েছে। দুই পক্ষই বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। বিষয়টি তদন্তের জন্য ডিনকে আহ্বায়ক করে একটি কমিটি করে দেওয়া হয়েছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।
এদিকে শিক্ষক সমিতি সূত্র জানায়, চার দফা দাবিতে গতকাল রাত নয়টার দিকে শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের নিচতলায় অবস্থান নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করবেন।