দুর্ব্যবহারের শিকার বঙ্গবন্ধু সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা!
দায়িত্ব বুঝে নিতে এসে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিষ্ঠানের কর্মকর্তা স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনার পর সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নতুন প্রতিষ্ঠান গতকাল রোববার রাত ১২টা এক মিনিটে টোল আদায়ের কার্যক্রম শুরু করেছে।দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান শামিম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামিম জানান, গত মাসে চীনা কোম্পানি জিএসএল ও তাদের কোম্পানি আগামী পাঁচ বছরের জন্য বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের দায়িত্ব পায়। গত শুক্রবার বিকেলে তিনি সেতু এলাকায় যাওয়ার পর সেখানে আগে থেকে অবস্থানরত কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। সোহেল হাজারী তাঁকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে চেনেন না, কাজ করবেন কী করে।’ আমিনুল হক অভিযোগ করেন, সোহেল হাজারী তাঁর গায়ে হাত তুলতে গেলে প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) ফজলে কাদের এগিয়ে যান। ফজলে কাদেরকে আঘাত করেন সোহেল হাজারী। ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলার পুলিশ প্রশাসনকে জানানো হয়। এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। নিরাপত্তা কর্মকর্তাকে আঘাত করার অভিযোগ অস্বীকার করে সোহেল হাজারী বলেন, পুরোনো কর্মীদের যাতে চাকরিচ্যুত করা না হয়, তা নিয়ে আলোচনার জন্য তিনি ওই দিন সেখানে গিয়েছিলেন। আলোচনার একপর্যায়ে কথাকাটাকাটি হয়েছে মাত্র।টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান সাংবাদিকদের জানান, যেহেতু শুক্রবার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি।