খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর। অধুনা অনলাইন সংবাদপত্রে রূপান্তরিত পত্রিকাটি বুধবার এক প্রতিবেদনে লিখেছে, একসময়ের চরম খাদ্যসংকটের বাংলাদেশ আজ পরিণত হয়েছে খাদ্যের ঝুড়িতে।
ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর লিখেছে, চার দশক আগে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন গরিব দেশটিতে ছিল চরম খাদ্যসংকট। তিন বছরের মাথায় ১৯৭৪ সালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। আজ ক্ষুধা নির্মূলে সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ক্ষুধাবিষয়ক জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালের পর থেকে এ সময়ের মধ্যে বাংলাদেশে চরম ক্ষুধার্তের সংখ্যা অর্ধেকের বেশি কমেছে। ১৯৯০-এর দশকে সারা বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ১০০ কোটি। সেই সংখ্যা এখন ৭৯ কোটি ৫০ লাখ। এতে উল্লেখ করা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বকে ক্ষুধামুক্ত করার উদ্যোগে বাংলাদেশ বড় অবদান রাখবে বলে জাতিসংঘের প্রতিবেদনে মন্তব্য করা হয়।
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের অধ্যাপক গ্লেন ডেনিং বলেন, ‘বিশ্বকে ক্ষুধামুক্ত করার প্রচেষ্টায় গত ১০ থেকে ১৫ বছরে যে তিনটি দেশ সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে, বাংলাদেশ তার অন্যতম। অন্য দুটি দেশ হলো ইথিওপিয়া ও নেপাল।’